ছবি ভিডিও ভিডিও
ইসলামিক, বিয়ানীবাজার - গোলাপগঞ্জ

বিয়ানীবাজারে খাসাড়ীপাড়ায় মডেল মসজিদের স্থান অনুমোদন, সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি নাগরিক উদ্যোগের কৃতজ্ঞতা

প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ৪:১৮ অপরাহ্ণ



পঞ্চখণ্ড আই প্রতিবেদক, সিলেট: অবশেষে বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য ৬৫ শতক জমির প্রশাসনিক অনুমোদন দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক সরকারি স্মারকে উপজেলার কাসারীপাড়া মৌজার ৬৫ শতক জমিতে মডেল মসজিদ নির্মাণের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. জিয়াউল হক স্বাক্ষরিত স্মারক নম্বর ১৬.০০.০০০০.০০০.০০৮.০২.০০০২.২৬.২৩১-এর মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, অনুমোদিত জমির মধ্যে কাসারীপাড়া মৌজার জে.এল. নম্বর ১০২, বিএস ১৩২ নম্বর খতিয়ানের ১২৭ নম্বর দাগে ১২ শতক এবং নামজারি ৪৭০ নম্বর খতিয়ানের একই দাগে ৫৩ শতক জমি রয়েছে। অর্থাৎ সর্বমোট ৬৫ শতক জমিতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।

একই সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ববর্তী স্মারকের ১০ নম্বর ক্রমিকে বিয়ানীবাজারের জন্য উল্লেখিত প্রশাসনিক অনুমোদনের অংশটি বাতিল করা হয়েছে। ফলে নতুন অনুমোদনের মাধ্যমে মডেল মসজিদ নির্মাণের জন্য জমির বিষয়টি প্রশাসনিকভাবে পুনর্নির্ধারিত হলো।

উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদের স্থান নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও প্রশাসনিক প্রক্রিয়া চলছিল। এর মধ্যে চারখাইয়ের কামারগ্রাম মৌজায় ৫৬ শতক জমির একটি প্রস্তাব এবং উপজেলা সদরের কাছাকাছি খাসাড়ীপাড়া মৌজায় ৬৫ শতক জমির আরেকটি প্রস্তাব আলোচনায় আসে।

এ প্রেক্ষাপটে ‘বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগ’-এর পক্ষ থেকে উপজেলা সদরে মসজিদ নির্মাণের যৌক্তিকতা, জমির উপযুক্ততা, যোগাযোগব্যবস্থা ও সরকারি নির্দেশনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পরবর্তী সময়ে উপজেলা ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের যাচাই-বাছাই এবং সরেজমিন পরিদর্শনের মধ্য দিয়ে খাসাড়ীপাড়া মৌজার জমির প্রস্তাবটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

কৃতজ্ঞতা প্রকাশ

এদিকে বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ নির্মাণের স্থান হিসেবে খাসাড়ীপাড়া মৌজার ৬৫ শতক জমির প্রশাসনিক অনুমোদন পাওয়ায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ‘বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগ’-এর নেতৃবৃন্দ।

উপজেলা মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের আহ্বায়ক আতাউর রহমান, সচিব জমির হোসাইন ও সমন্বয়ক শাহেদ আহমদ এক কৃতজ্ঞতা বার্তায় বলেন, বিয়ানীবাজার উপজেলা সদরে মডেল মসজিদ প্রতিষ্ঠার এ অগ্রযাত্রা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রচেষ্টার ফল নয়। এর পেছনে দেশে-বিদেশে অবস্থানরত অসংখ্য মানুষের আন্তরিকতা, সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা রয়েছে।

তাঁরা বলেন, এই উদ্যোগের শুরু থেকে যাঁরা জমি দিয়ে,  শ্রম দিয়ে, মেধা দিয়ে, চিত্ত দিয়ে, মূল্যবান পরামর্শ দিয়ে এবং নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের প্রত্যেকের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিশেষ করে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব এবং দেশে-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

তাঁরা আরও বলেন, আমাদের প্রত্যাশা ছিল—বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ এমন একটি স্থানে নির্মিত হোক, যেখানে উপজেলার সর্বস্তরের মানুষ সহজে যাতায়াত করতে পারবেন এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এর সুফল ভোগ করবেন। প্রশাসনিক অনুমোদনের মধ্য দিয়ে সেই প্রত্যাশা বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। এ অর্জন পুরো বিয়ানীবাজারবাসীর সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।

নাগরিক উদ্যোগের নেতৃবৃন্দ এ অগ্রগতিকে চূড়ান্ত সাফল্যের শেষ ধাপ হিসেবে নয়, বরং বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করে মডেল মসজিদের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।