
মেধার কোনো বাউন্ডারি নেই। মেধা ধনী-গরিব, গ্রাম-শহর কিংবা সামাজিক অবস্থানের পার্থক্য বোঝে না। মেধা আপন শক্তিতে বিকশিত হয়, আপন গতিতে অগ্রসর হয়। কিন্তু সেই মেধাকে আবিষ্কার করা, বিকাশের সুযোগ সৃষ্টি করা এবং যথাযথ মূল্যায়ন করা—এ দায়িত্ব পরিবার, সমাজ ও রাষ্ট্রের।
দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে এখনো মানুষের যোগ্যতা ও মর্যাদা নির্ধারণে অর্থবিত্ত, পারিবারিক পরিচিতি, সামাজিক অবস্থান এবং বাহ্যিক চাকচিক্যকে অনেক সময় প্রাধান্য দেওয়া হয়। অথচ মানুষের প্রকৃত পরিচয় তার চিন্তা, মনন, কর্ম, মানবিকতা ও আচরণে। দামি পোশাক মানুষকে বড় করে না, সাধারণ পোশাক কাউকে ছোট করে না। মানুষ ছোট হয় নিজের ব্যবহারে, অহংকারে, সংকীর্ণতায় এবং অন্যকে অসম্মান করার প্রবণতায়।
মেধার জন্ম কোনো বিশেষ শ্রেণিতে নয়
মেধা বিত্তশালী পরিবারের একচেটিয়া সম্পদ নয়। প্রত্যন্ত গ্রামের কৃষকের সন্তান, শ্রমজীবী পরিবারের শিশু কিংবা সুযোগ-সুবিধাবঞ্চিত শিক্ষার্থীও অসাধারণ মেধার অধিকারী হতে পারে। আবার বিত্তশালী পরিবারের সন্তান হলেই যে সে মেধাবী হবে, এমন নিশ্চয়তা নেই। মেধার সম্ভাবনা সর্বত্র ছড়িয়ে আছে; প্রয়োজন তা শনাক্ত করার দূরদৃষ্টি এবং বিকাশের উপযুক্ত পরিবেশ।
পৃথিবীর বহু মনীষী, বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক ও উদ্ভাবক প্রতিকূলতা অতিক্রম করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁদের জীবন আমাদের শেখায়, আর্থিক অসচ্ছলতা কিংবা সামাজিক সীমাবদ্ধতা মেধার চূড়ান্ত প্রতিবন্ধক নয়। বরং সুযোগ ও পরিচর্যার অভাবেই অনেক সম্ভাবনাময় প্রতিভা অঙ্কুরেই বিনষ্ট হয়।
মেধা বিকাশে পরিবারের ভূমিকা
একটি শিশুর মেধা বিকাশের প্রথম প্রতিষ্ঠান পরিবার। কিন্তু অনেক ক্ষেত্রে অভিভাবকেরা সন্তানের নিজস্ব আগ্রহ ও যোগ্যতার চেয়ে পরীক্ষার ফলাফল, সামাজিক প্রত্যাশা এবং তথাকথিত প্রতিষ্ঠিত হওয়ার প্রতিযোগিতাকে বেশি গুরুত্ব দেন।
সব শিশুর মেধা এক রকম নয়। কেউ পড়াশোনায় ভালো, কেউ সংগীতে, কেউ খেলাধুলায়, কেউ প্রযুক্তিতে, কেউ নেতৃত্বে, আবার কেউ সৃজনশীল চিন্তায় পারদর্শী। তাই সন্তানকে অন্যের সঙ্গে তুলনা করে হীনম্মন্যতায় না ঠেলে তার সুপ্ত প্রতিভা চিহ্নিত করা, উৎসাহ দেওয়া এবং বিকাশের সুযোগ তৈরি করাই প্রকৃত অভিভাবকত্ব।
শিক্ষাপ্রতিষ্ঠান হোক প্রতিভা বিকাশের কেন্দ্র
শিক্ষার উদ্দেশ্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণ কিংবা পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত করা নয়; শিক্ষার্থীর চিন্তাশক্তি, সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানোও শিক্ষার অন্যতম লক্ষ্য।
পরীক্ষায় কম নম্বর পেলেই একজন শিক্ষার্থী মেধাহীন—এমন ধারণা অযৌক্তিক। পরীক্ষার ফলাফল শিক্ষার্থীর কিছু নির্দিষ্ট দক্ষতার পরিমাপ করতে পারে, কিন্তু তার সামগ্রিক প্রতিভা ও ভবিষ্যৎ সম্ভাবনার পূর্ণাঙ্গ পরিচয় নয়।
শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীর স্বতন্ত্র বৈশিষ্ট্য ও আগ্রহকে গুরুত্ব দেওয়া। শ্রেণি, অর্থনৈতিক অবস্থা কিংবা পারিবারিক পরিচয়ের ভিত্তিতে নয়; যোগ্যতা, সৃজনশীলতা, পরিশ্রম ও অর্জনের ভিত্তিতে মেধার মূল্যায়ন করতে হবে।
সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি
আমাদের সামাজিক সংস্কৃতিতে একটি বড় দুর্বলতা হলো, মানুষকে অনেক সময় তার পোশাক, গাড়ি, বাড়ি, অর্থবিত্ত ও সামাজিক পরিচিতি দিয়ে বিচার করা হয়। বাহ্যিক চাকচিক্য দেখে সম্মান প্রদর্শন করা হলেও জ্ঞানী, সৎ ও মেধাবী কেউ সাধারণ জীবনযাপন করলে তাঁকে যথাযথ মর্যাদা দিতে অনেকে কুণ্ঠাবোধ করেন।
এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন। সামাজিক নেতৃত্ব, সাংস্কৃতিক কর্মকাণ্ড কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব বণ্টনে ব্যক্তির যোগ্যতা, সততা, দক্ষতা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে হবে। আত্মীয়তা, তদবির, প্রভাব কিংবা অর্থবিত্ত যেন মেধার মূল্যায়নে প্রতিবন্ধক না হয়।
মেধার যথাযথ মূল্যায়ন রাষ্ট্রের দায়িত্ব
একটি উন্নত ও কল্যাণমুখী রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হলো প্রত্যেক নাগরিকের জন্য মেধা বিকাশের সমান সুযোগ নিশ্চিত করা। প্রত্যন্ত অঞ্চল ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বৃত্তি, গবেষণা অনুদান, কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের সুযোগ সম্প্রসারণ করতে হবে।
বিশেষ করে নিয়োগ, পদোন্নতি ও রাষ্ট্রীয় দায়িত্ব বণ্টনে স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। রাষ্ট্র যদি মেধার পরিবর্তে তদবির, প্রভাব ও পরিচিতিকে প্রাধান্য দেয়, তাহলে প্রকৃত মেধাবীরা হতাশ হবে। এর নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্বের ওপর।
মানুষ বড় হয় মননে, ছোট হয় ব্যবহারে
মানুষের শ্রেষ্ঠত্ব তার বাহ্যিক পরিচয়ে নয়, অন্তরের সৌন্দর্য ও আচরণে। দামি পোশাক পরেও কেউ অহংকারী ও অমানবিক হতে পারে; আবার সাধারণ পোশাকেও কেউ জ্ঞান, বিনয়, সততা ও মানবিকতায় অসাধারণ হয়ে উঠতে পারেন।
যিনি অন্যের মতামতকে সম্মান করেন, দুর্বল মানুষের পাশে দাঁড়ান, নিজের অবস্থান নিয়ে অহংকার করেন না এবং সবার সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করেন—তিনিই প্রকৃত অর্থে বড় মানুষ।
পদ-পদবি সাময়িক পরিচিতি দিতে পারে, অর্থবিত্ত সামাজিক প্রভাব তৈরি করতে পারে; কিন্তু প্রকৃত সম্মান অর্জন করতে হয় নিজের কর্ম ও ব্যবহারের মাধ্যমে। তাই মানুষের বাহ্যিক অবস্থান নয়, তার অন্তর্নিহিত গুণাবলিই হোক মূল্যায়নের প্রধান মাপকাঠি।
উপসংহার
একটি মানবিক, বৈষম্যহীন ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মেধার যথাযথ মূল্যায়নের বিকল্প নেই। পরিবারকে হতে হবে মেধার পরিচর্যাকারী, শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিভা বিকাশের সহায়ক, সমাজকে হতে হবে বৈষম্যবিরোধী এবং রাষ্ট্রকে হতে হবে যোগ্যতার যথার্থ মূল্যায়নকারী।
মেধা বিকাশের সুযোগ কোনো বিশেষ শ্রেণির জন্য সংরক্ষিত থাকতে পারে না। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো প্রতিভা যেন হারিয়ে না যায়, পরিচিতির অভাবে কোনো যোগ্য মানুষ যেন অবমূল্যায়িত না হন এবং বাহ্যিক চাকচিক্যের আড়ালে প্রকৃত গুণাবলি যেন ঢাকা না পড়ে—এ বিষয়ে সম্মিলিত সচেতনতা প্রয়োজন।
মেধার কোনো বাউন্ডারি নেই; বাউন্ডারি তৈরি করি আমরা—আমাদের সংকীর্ণতা, বৈষম্য ও ভুল মূল্যায়নের মাধ্যমে। সেই বাউন্ডারি ভাঙতে হবে। কারণ মেধার মূল্যায়ন শুধু একজন ব্যক্তির অগ্রগতি নয়, একটি পরিবার, সমাজ ও জাতির সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার শর্ত।
আসুন, মানুষকে পোশাকে নয়, মননে চিনতে শিখি; পরিচয়ে নয়, যোগ্যতায় মূল্যায়ন করি। মেধার বিকাশ ঘটাই, মানবিকতার মর্যাদা দিই। তাহলেই গড়ে উঠবে প্রগতিশীল, বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ সমাজ।
-Π আতাউর রহমান




