ছবি ভিডিও ভিডিও
প্রবাসের সংবাদ

পূর্ব লন্ডনে শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সভা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা

প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ৫:৫০ পূর্বাহ্ণ



প্রবাস সংবাদ | লন্ডন: পূর্ব লন্ডনে বিয়ানীবাজার পৌরসভার ঐতিহ্যবাহী শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্টস ভেন্যুতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে সংগঠনের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

প্রথম পর্ব: বার্ষিক সাধারণ সভা

অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের সভাপতি কবির মাহমুদের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ ছাড়া আগামী বছরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়, যা ট্রাস্টি বোর্ডের অনুমোদন লাভ করে।

দ্বিতীয় পর্ব: কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা

দ্বিতীয় পর্বে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা ও নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কৃতী শিক্ষার্থী এবং প্রবাসের গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় জীবিত ও মরনোত্তর গুণীজনদেরও সম্মাননা জানানো হয়।

এ পর্বে সংগঠনের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। বক্তারা শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বিভিন্ন উন্নয়নমূলক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা প্রবাসে শিক্ষা, মানবকল্যাণ ও সামাজিক বন্ধন জোরদারে সংগঠনটির ভূমিকার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন।

তৃতীয় পর্ব: র‍্যাফেল ড্র ও আপ্যায়ন

অনুষ্ঠানের শেষ পর্বে ট্রাস্টের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম (জুবের) র‍্যাফেল ড্র পরিচালনা করেন। পরে অতিথিদের জন্য গ্র্যান্ড রসুইয়ের সুস্বাদু খাবারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি শ্রীধরা গ্রামের মুরব্বি, যুবসমাজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন আমিনুর রহমান সেলিম ও নুরুজ্জামান।

আয়োজনে অংশগ্রহণকারী অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টিবৃন্দ ও কার্যকরী কমিটির সদস্যরা। প্রবাসে নিজ এলাকার ঐতিহ্য ও সম্প্রীতি ধরে রাখা এবং শিক্ষা ও সমাজকল্যাণে অবদান রাখার প্রত্যয় নিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।