
পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার উপজেলা সাব-রেজিস্ট্রার জয়নাল আবেদীনকে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বদলি করা হয়েছে। আগামী ২৯ অক্টোবরের মধ্যে তাঁকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিয়ানীবাজার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের শূন্য পদে এখনো কাউকে পদায়ন করা হয়নি।
সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী। একই আদেশে দেশের বিভিন্ন স্থানে কর্মরত মোট ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে।
অনুসন্ধানী প্রতিবেদন ঘিরে আলোচনা
বিয়ানীবাজার সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম নিয়ে সম্প্রতি একের পর এক অভিযোগ প্রকাশ করে পঞ্চখণ্ড আই অনলাইন পোর্টাল।
গত ৫ অক্টোবর ‘বিয়ানীবাজার সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে একের পর এক অভিযোগ | মুখোমুখি সাব-রেজিস্ট্রার | মিলল নানান জবাব’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এর দুই দিন পর, ৭ অক্টোবর ‘বিয়ানীবাজার সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ ও অনিয়ম-বাণিজ্যের অভিযোগ’ শিরোনামে আরও একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদন দুটিতে সাব-রেজিস্ট্রার কার্যালয় ঘিরে উত্থাপিত বিভিন্ন অভিযোগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য তুলে ধরা হয়েছিল।
সাব-রেজিস্ট্রার জয়নাল আবেদীনের বদলির ফলে বিয়ানীবাজার কার্যালয়ের দায়িত্বভার কে গ্রহণ করবেন, তা এখনো স্পষ্ট নয়। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে নতুন সাব-রেজিস্ট্রার পদায়ন করবে এবং কার্যালয়টির কার্যক্রম স্বাভাবিক রাখতে কী ব্যবস্থা নেওয়া হবে, সেদিকে নজর রয়েছে স্থানীয়দের।




