
সংবাদদাতা, সিলেট: শিশুদের জন্য নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গবেষণা, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, পরিবেশবান্ধব গ্রাম ও শহর গড়ে তুলতে না পারলে আগামী প্রজন্ম দূষণের ক্ষতিকর প্রভাবের মুখোমুখি হবে। এর প্রভাব পড়বে জলবায়ু, জনস্বাস্থ্য ও সামগ্রিক পরিবেশের ওপর। তাই সরকার, পরিবেশবাদী সংগঠন এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণে গবেষণার পরিধি বাড়ানো জরুরি। গবেষণার মাধ্যমে পরিবেশগত সমস্যা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় মানুষ নানা রোগব্যাধির ঝুঁকিতে পড়বে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে।
দেশে দিন দিন হাওর-বিলসহ বিভিন্ন জলাভূমি সংকুচিত হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, নদী-নালা, পাহাড় ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। এসব সম্পদ ধ্বংস ও দূষণের শিকার হলে আলো-বাতাসসহ সামগ্রিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে এখনই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শনিবার (২৪ অক্টোবর) সিলেটের দরগাগেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে বাংলাদেশ পরিবেশ গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী পরিবেশ সংরক্ষণে ঐক্যবদ্ধ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার এবং এ কাজে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
দৈনিক সিলেটের ডাকের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষাকে সম্মিলিত সামাজিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ব্যক্তি, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। এ জন্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন রোটারিয়ান এম এ এম সজিব।
বাংলাদেশ পরিবেশ গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আব্দুল মুক্তাদীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, লেখক ও সাংবাদিক তাজ উদ্দিন আহমদ মাসুম।
অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন চৌধুরীসহ নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সহ-সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমান, মোহাম্মদ আলাউদ্দিন ও মো. আজিজুজুর রহমান জয়নাল; সহ-সাংগঠনিক সম্পাদক ডা. জসিম উদ্দিন; সহ-অর্থ সম্পাদক মিলাক আহমদ; প্রচার সম্পাদক মো. শাহিন আলম; তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শাহিনূর রহমান; সাহিত্যবিষয়ক সম্পাদক তাজ উদ্দিন আহমদ; সমাজসেবা সম্পাদক মো. সুহেব আহমদ; ধর্মবিষয়ক সম্পাদক হোছাইন মো. মোহাম্মদ আলমগীর; পরিবেশ ও গবেষণাবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম; দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম এবং স্বাস্থ্য ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. লায়েক মিয়া প্রমুখ।




