Eng
শিক্ষার খবর

জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | ৬:১৬ অপরাহ্ণ



 

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ডিগ্রি কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক আব্দুল হামিদ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী, বারহাল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এবং বদরুল হক চৌধুরী কল্যাণ ট্রাস্ট, কাকুরা-এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব সোহেল আহমদ চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গভর্নিং বডির চেয়ারম্যান মো. ফয়জুল ইসলাম চৌধুরী। এছাড়া বক্তব্য দেন বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মস্তাক আহমদ চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এখলাছুর রহমান, বিয়ানীবাজার শিক্ষক সমিতির সভাপতি এবং জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আব্দুদ দাইয়ান।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মোহাম্মদ আবুল হাসান নবাগত শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে শিক্ষাগ্রহণের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নবীনবরণ অনুষ্ঠানে কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নূরুল ইসলাম পুতুল, সালমা চৌধুরী, হাফিজ মাওলানা মোসাদ্দেক আহমদ, শান্তা চৌধুরী ও আবিদ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।