Eng
বিয়ানীবাজার - গোলাপগঞ্জ

‘চক্রান্ত রুখতে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে’—এমরান আহমদ চৌধুরী, এম পি

প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ৫:০৫ অপরাহ্ণ




পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেটের প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী চোরাগুপ্তা হামলা, ককটেল নিক্ষেপ ও বাসে অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড চালাচ্ছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় তরুণ প্রজন্মসহ সর্বস্তরের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গোলাপগঞ্জ পৌর ও উপজেলা যুবদলের উদ্যোগে পরিকল্পিত নাশকতা, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান আহমদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে ধর্মকে ব্যবহার করে রাজনীতি ও বিভ্রান্তি ছড়ানোর বিষয়েও জনগণকে সতর্ক থাকতে হবে। ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়।

গোলাপগঞ্জের আন্দোলন-সংগ্রামে নিহত সাতজনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।

নিজ নির্বাচনি এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা আমাকে দুই-তিন বছর সময় দিন। এই দুই উপজেলাকে উন্নয়নের মাধ্যমে বদলে দিতে চাই।’ গোলাপগঞ্জ বাজার, শরীফগঞ্জ ও বাঘা গ্রামের সঙ্গে সংযোগ সেতুর কাজ মেয়াদকালের মধ্যে শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভাঙাচোরা রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়নকাজ আগামী মাস থেকে শুরু হবে। পর্যায়ক্রমে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোও উন্নয়ন করা হবে।

বক্তব্যের শেষ দিকে আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দল মনোনীত প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল গোলাপগঞ্জ পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌরসহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।