
পঞ্চখণ্ড আই ডেস্ক : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সিলেট অঞ্চলের বিভিন্ন দূরপাল্লার রুটে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সিলেট সার্কেলের প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর থেকে দূরপাল্লার ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। অর্থাৎ কিলোমিটারে বেড়েছে ১৭ পয়সা।
তবে গ্যাস, অকটেন ও পেট্রোলচালিত বাস-মিনিবাসের ভাড়া বাড়ানো হয়নি; এসব যানবাহনে আগের নির্ধারিত ভাড়াই বহাল রয়েছে।
সিলেটের বিভিন্ন রুটে নতুন ভাড়া
বিআরটিএর তালিকা অনুযায়ী, ৫৯ কিলোমিটার সিলেট–সুনামগঞ্জ রুটে ৪০ আসনের বাসে ভাড়া ১৪২ টাকা এবং ৫১ আসনের বাসে ১৮১ টাকা। ৮৯ কিলোমিটার সিলেট–জকিগঞ্জ (বারইগ্রাম–সুতারকান্দি) রুটে ভাড়া যথাক্রমে ২১৪ ও ২৭৩ টাকা।
২৯ কিলোমিটার সিলেট–ছাতক রুটে ৪০ আসনের বাসের ভাড়া ৭০ টাকা। অন্যদিকে ৭৫ কিলোমিটার সিলেট–দিরাই রুটে ৩৫ টাকা টোলসহ ভাড়া ৪০ আসনের বাসে ২১৫ এবং ৫১ আসনের বাসে ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সিলেট–কুলাউড়া (ফেঞ্চুগঞ্জ হয়ে) ৬১ কিলোমিটার রুটে ৬৫ টাকা টোলসহ ভাড়া ১৪৬ ও ১৮৬ টাকা। সিলেট–শেরপুর ৩৭ কিলোমিটার রুটে ৩৫ টাকা টোলসহ ৮৯ ও ১১৩ টাকা এবং সিলেট–বিশ্বনাথ (রামপাশা হয়ে) ২৪ কিলোমিটার রুটে ৬ টাকা টোলসহ ৫৮ ও ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সিলেট–শ্রীমঙ্গল (মৌলভীবাজার হয়ে) ৮৩ কিলোমিটার রুটে ভাড়া ১৯৯ ও ২৫৪ টাকা; সিলেট–জাফলং (তামাবিল হয়ে) ৫৮ কিলোমিটার রুটে ১৩৯ টাকা ২০ পয়সা ও ১৭৭ টাকা; সিলেট–গোয়াইনঘাট (সালুটিকর হয়ে) ৩৮ কিলোমিটার রুটে ৯১ ও ১১৬ টাকা।
সিলেট–মৌলভীবাজার (ফেঞ্চুগঞ্জ–মুন্সিবাজার হয়ে) ৬৩ কিলোমিটার রুটে ১৫১ ও ১৯৩ টাকা এবং সিলেট–চন্দরপুর ২৭ কিলোমিটার রুটে ৬৫ ও ৮৩ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
সিলেট–বিয়ানীবাজার রুটে ভাড়া
সিলেট থেকে বিয়ানীবাজার রুটে বাসের ধরন অনুযায়ী নির্ধারিত ভাড়া ভিন্ন। এসি বাসের ভাড়া ১৭০ টাকা, আর নন-এসি গেটলক ও লোকাল বাসের ভাড়া ১১০ টাকা।
সিলেট–বিয়ানীবাজার রোড বাস-মিনিবাস মালিক সমিতির অধীনে পরিচালিত আইকনিক এক্সপ্রেসের এসি বাসে যাত্রীপ্রতি ভাড়া ১৭০ টাকা। অন্যদিকে কদমতলী বাস টার্মিনাল অথবা ওভারব্রিজের নিচের ‘বান্দ’ থেকে ছেড়ে যাওয়া নন-এসি গেটলক ও লোকাল বাসে ভাড়া ১১০ টাকা।
অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই
সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু জানিয়েছেন, বাসগুলোকে সরকারের নির্ধারিত ভাড়াতেই যাত্রী পরিবহন করতে হবে। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়ের কোনো সুযোগ নেই। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি বাসের দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।




