Eng
জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩২ অপরাহ্ণ



বিয়ানীবাজারেও চলবে সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম

পঞ্চখণ্ড আই ডেস্ক :
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি-বেসরকারি ও সামাজিক উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়ানোই এ কর্মসূচির প্রধান লক্ষ্য।

উদ্বোধনের দিন থেকে শুরু হওয়া এ অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী চলবে। কর্মসূচির আওতায় বিয়ানীবাজার উপজেলাতেও সচেতনতামূলক প্রচার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রম নয়, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিতভাবে ধ্বংস করা জরুরি। এজন্য স্থানীয় পর্যায়ে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।