
পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে দুই মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আদালতে নেওয়ার সময় আবুল কাশেম পল্লবকে হাসিমুখে দেখা যায়। এ সময় আশপাশের লোকজনের সঙ্গে তাকে হাসিমুখে কথা বলতেও দেখা গেছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি মামলায় আবুল কাশেম পল্লবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে গত শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আবুল কাশেম পল্লবকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানার পুলিশ। পরে তাকে সিলেটে নিয়ে আসা হয়।
পুলিশের তথ্যমতে, আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে সিলেট ও বিয়ানীবাজারসহ বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পরও বিয়ানীবাজারে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে পল্লব সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রকাশ্যে মিছিল-সমাবেশ আয়োজন এবং আদালতের নির্দেশনা অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।