
পঞ্চখণ্ড আই ডেস্ক : পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় বিয়ানীবাজার উপজেলায় সম্পূর্ণ বিনামূল্যে প্রায় এক লাখ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করা হচ্ছে।
উপজেলা প্রশাসন জানায়, বিতরণকৃত চারার মধ্যে রয়েছে আম, কাঁঠাল, জাম, জাম্বুরা, মেহগনি, বকুল, শিমুল, জলপাই, পেয়ারা, জারুল, বরই, কাঠবাদাম, তাল, নিম, সোনালু, চেরি ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি প্রজাতি।
এদিকে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লেইস (LAISE) প্রকল্প থেকে উপজেলার সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জলবায়ু অনুদান হিসেবে ৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থে প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণের পাশাপাশি সচেতনতামূলক ব্যানার, সেমিনার ও র্যালি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, “পরিবেশ সংরক্ষণ ও পুষ্টির চাহিদা পূরণে সরকার দেশব্যাপী বিনামূল্যে গাছের চারা বিতরণ করছে। চারাগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিক হতে হবে। রবিবার সকাল থেকে ইউনিয়ন কার্যালয়ভিত্তিক দ্বিতীয় ধাপের চারা বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে।”