Eng
সারা দেশ

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ : সরকারি চিকিৎসকদের প্র্যাকটিসেও নিষেধাজ্ঞা

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৪:৫১ পূর্বাহ্ণ



পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক : দেশের সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে ওই সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকগুলোতে সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্র্যাকটিস না করার নির্দেশ দেওয়া হয়েছে।

২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে  স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান—হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার—স্থাপনের অনুমতি দেওয়া যাবে না।

এ ছাড়া সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকেও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনাটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি হাসপাতালের আশপাশে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন এবং এসব প্রতিষ্ঠানে সরকারি হাসপাতালের রোগীদের নিয়ে যাওয়ার বিষয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেসরকারি প্রতিষ্ঠানে প্র্যাকটিসের বিষয়টিও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এ নির্দেশনার ফলে সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদনের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ কার্যকর হবে।