পঞ্চখণ্ড আই প্রতিবেদক, বিয়ানীবাজার: বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে ২৮ নভেম্বর ২০২৬ তারিখে নির্ধারিত নির্মাণস্থল খাসাড়ীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় কিবলা নির্ধারণ ও মসজিদ ভবন নির্মাণের লক্ষ্যে সরেজমিন জরিপ (সার্ভে) পরিচালনা করা হয়েছে।
এদিন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আমিনুল হক গালিব, সার্ভেয়ার লায়েক আহমদ ও সহকারী সার্ভেয়ার সায়েদ আহমদ সরেজমিনে উপস্থিত থেকে প্রয়োজনীয় সার্ভে কার্যক্রম সম্পন্ন করেন।
এর আগে গত ১৫ নভেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য খাসাড়ীপাড়া মৌজার ৬৫ শতক জমির প্রশাসনিক অনুমোদন প্রদান করে। মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. জিয়াউল হক স্বাক্ষরিত স্মারকের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত জমির মধ্যে খাসাড়ীপাড়া মৌজার জে.এল. নম্বর ১০২, বিএস ১৩২ নম্বর খতিয়ানের ১২৭ নম্বর দাগে ১২ শতক এবং নামজারি ৪৭০ নম্বর খতিয়ানের একই দাগে ৫৩ শতক জমি রয়েছে।
উল্লেখ্য, মডেল মসজিদের স্থান নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও প্রশাসনিক প্রক্রিয়া চলছিল। চারখাইয়ের কামারগ্রাম ও উপজেলা সদরের কাছাকাছি খাসাড়ীপাড়া—দুটি স্থানের প্রস্তাব আলোচনায় আসে। এ প্রেক্ষাপটে ‘বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগ’ উপজেলা সদরে মসজিদ নির্মাণের যৌক্তিকতা, জমির উপযুক্ততা ও যোগাযোগব্যবস্থার বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে। পরবর্তী সময়ে প্রশাসনিক যাচাই-বাছাই ও সরেজমিন পরিদর্শনের পর খাসাড়ীপাড়ার ৬৫ শতক জমির প্রস্তাবটি অনুমোদন পায়।
এদিকে মডেল মসজিদ নির্মাণের স্বার্থে খাসাড়ীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পুরাতন ভবন ও পার্শ্ববর্তী বাসা অপসারণের উদ্যোগ নিয়েছে মসজিদ পরিচালনা কমিটি। এ লক্ষ্যে দরজা-জানালা, কাঠ, লোহা, টিন, রড, ইট ও আসবাবপত্রসহ পুনরুদ্ধারযোগ্য মালামাল বিদ্যমান অবস্থায় প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে।
নিলামে অংশগ্রহণে আগ্রহীদের নাম নিবন্ধন করে পে-অর্ডারের মাধ্যমে ২০ হাজার টাকা জামানত জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাকে তাৎক্ষণিকভাবে মোট দরমূল্যের ৫০ শতাংশ এবং অবশিষ্ট অর্থ কর্তৃপক্ষের নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। সম্পূর্ণ মূল্য পরিশোধের পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে নিজ দায়িত্ব ও খরচে ভবন ভেঙে মালামাল অপসারণ করতে হবে। ধর্মীয় ও সংরক্ষণযোগ্য সামগ্রী নিলামের আওতামুক্ত থাকবে।
মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছে, নিলামের তারিখ, সময় ও বিস্তারিত শর্তাবলি শিগগিরই মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হবে। আগ্রহীরা মালামাল পরিদর্শন ও বিস্তারিত তথ্যের জন্য কমিটির দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
প্রশাসনিক অনুমোদনের পর সরেজমিন সার্ভে এবং পুরাতন স্থাপনা অপসারণের প্রস্তুতি—সব মিলিয়ে বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ নির্মাণের কার্যক্রম বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯