পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসউরা গ্রামের সন্তান ফরহাদ হোসেন টিপু। ব্যবসায়িক উদ্যোগ, সাংগঠনিক নেতৃত্ব, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্তরাজ্যে তিনি গড়ে তুলেছেন স্বতন্ত্র পরিচিতি। একজন সফল উদ্যোক্তা হওয়ার পাশাপাশি ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সংগঠক ও দাতব্য কর্মকাণ্ডের নিবেদিতপ্রাণ কর্মী হিসেবেও তাঁর রয়েছে দীর্ঘ পথচলা।
ফরহাদ হোসেন টিপুর শিক্ষাজীবনের সূচনা দাসউরা সিনিয়র মাদ্রাসায়। পরে বড়লেখা পিসি হাইস্কুল থেকে এসএসসি এবং বড়লেখা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। সিলেটের এমসি কলেজে অর্থনীতি বিষয়ে অধ্যয়নের পর উচ্চশিক্ষা ও কর্মজীবনের লক্ষ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে টাওয়ার হ্যামলেটস কলেজ ও ই-থেমস বিজনেস স্কুলে পড়াশোনা করেন। পরবর্তী সময়ে ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ড থেকে ব্যবসা ও ব্যবস্থাপনা বিষয়ে বিএ (অনার্স) ডিগ্রি অর্জন করেন।
২০০১ সালে বড় ভাই আকতার হোসেনের সঙ্গে ইংল্যান্ডের এসেক্স কাউন্টির হ্যালস্টেডে একটি টেকওয়ে ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর উদ্যোক্তা জীবনের সূচনা। ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়তে থাকে। ক্যাটারিং ব্যবসার পাশাপাশি আবাসন খাতেও বিনিয়োগ করেন তিনি। ২০২২ সালে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেন ‘খানি খানা গ্রুপ’ (Kaani Kaana Group)। বাংলাদেশি ও ভারতীয় খাবারভিত্তিক এ ব্র্যান্ডটি বর্তমানে এসেক্স অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করছে।
যুক্তরাজ্যের ক্যাটারিং ও হসপিটালিটি খাতের পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকের সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন ফোরহাদ। বর্তমানে তিনি সংগঠনটির ডেপুটি জেনারেল সেক্রেটারি। এর আগে প্রেস অ্যান্ড পাবলিকেশন্স সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি এবং এসেক্স শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া চ্যানেল এস-এ প্রচারিত ক্যাটারিংবিষয়ক অনুষ্ঠান ‘ক্যাটারিং সার্কেল’-এর নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মানবসেবায় নিবেদিত পথচলা
ফোরহাদ হোসেন টিপুর সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সূচনা বাংলাদেশে। প্রয়াস স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী চক্ষুশিবিরসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখেন।
যুক্তরাজ্যে যাওয়ার পরও নিজ এলাকার মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক ও দায়বদ্ধতা অটুট থাকে। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত দাসউরা সদরপুর জনকল্যাণ সমিতির সঙ্গে যুক্ত হয়ে তিনি সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সংগঠনটির বিভিন্ন সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।
২০১৯ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি রয়্যাল ভলান্টারি সার্ভিসের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ক্যানসার রিসার্চ ইউকেসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহেও ভূমিকা রেখেছেন।
ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ সম্পৃক্ততা
স্বাস্থ্যসেবায় তাঁর উল্লেখযোগ্য সম্পৃক্ততার একটি ক্ষেত্র হলো বিয়ানীবাজার ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন। তিনি এ ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা, ট্রাস্টি ও মার্কেটিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে একটি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগকে এগিয়ে নিতে তিনি কাজ করছেন।
এ ছাড়া ফ্রেন্ডস অব হার্ট ফাউন্ডেশন সিলেটের সাংগঠনিক সম্পাদক এবং হার্ট ফাউন্ডেশন সিলেটের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর অন্যান্য সাংগঠনিক সম্পৃক্ততার মধ্যে রয়েছে—বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের প্রধান কোষাধ্যক্ষ, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক এবং প্রিজম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউকে, তিলপাড়া ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে এবং ইলফোর্ড কমিউনিটি ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা সদস্য। পাশাপাশি বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়, দাসউরা সিনিয়র মাদ্রাসা ও ইকরা ইন্টারন্যাশনালের দাতা সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন।
ব্যবসায়িক সাফল্য, সাংগঠনিক দক্ষতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সমন্বয়ে ফোরহাদ হোসেন টিপু যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে একটি সক্রিয় অবস্থান তৈরি করেছেন। প্রবাসে থেকেও জন্মভূমি ও নিজ এলাকার মানুষের কল্যাণে তাঁর সম্পৃক্ততা প্রবাসী ও স্বদেশের মধ্যে সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে।
ব্যক্তিজীবনে তিনি স্ত্রী আমিনা আক্তার ও চার কন্যাসন্তানকে নিয়ে ইংল্যান্ডের এসেক্সে বসবাস করছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯