আজকাল রাজনৈতিক আলোচনায় নানা বিশেষণ খুব সহজেই ছুড়ে দেওয়া হয়। কেউ আওয়ামী লীগকে স্বৈরাচার বলে, কেউ জামায়াতকে রাজাকার বলে, কেউ বিএনপিকে চাঁদাবাজ বলে, কেউ এনসিপিকে জুলাই চেতনা বিক্রির অভিযোগে অভিযুক্ত করে, আবার কেউ ড. মুহাম্মদ ইউনূসকে সুদখোর বলে আখ্যায়িত করে। রাজনৈতিক মতাদর্শ, ইতিহাস, কর্মকাণ্ড ও বিতর্ক নিয়ে সমালোচনা অবশ্যই থাকবে। কিন্তু প্রশ্ন হলো—যাঁরা এসব অভিযোগ করেন, তাঁদের নিজেদের জীবন, পেশা ও আচরণ কি সত্যিই নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ?
আমরা কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি—দেশের দুরবস্থার জন্য আমার নিজের দায় কতটুকু?
ধরুন, আমি একজন রিকশাচালক। বৃষ্টি হলেই যাত্রীর অসহায়ত্বকে পুঁজি করে ২০ টাকার ভাড়া ৫০ টাকা দাবি করি। আমি একজন চিকিৎসক, রোগীর প্রয়োজনের চেয়ে নিজের আর্থিক স্বার্থকে বড় করে দেখি, অপ্রয়োজনীয় পরীক্ষা করাই। আমি একজন শিক্ষক, শ্রেণিকক্ষে ঠিকমতো পাঠদান করি না; অথচ আমার কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষায় শিক্ষার্থীর নম্বর কমিয়ে দিই। আমি দুধ বিক্রেতা, দুধে পানি মিশিয়ে ক্রেতাকে ঠকাই। আমি দোকানদার, ওজনে কম দিই, পণ্যের ন্যায্য মূল্য না রেখে অতিরিক্ত মুনাফার লোভ করি। আমি সরকারি কর্মচারী, ঘুষ ছাড়া ফাইল নড়াই না। আমি দায়িত্বশীল পদে থেকেও দায়িত্ব পালন না করে ক্ষমতা ও পদকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করি।
আবার আমি একজন ভোটার। পাঁচশো টাকা, এক বস্তা চাল, সামান্য উপহার কিংবা ব্যক্তিগত সুবিধার বিনিময়ে বিবেক বিক্রি করে অযোগ্য মানুষকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে আসি। নির্বাচনের পর সেই জনপ্রতিনিধির দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি কিংবা ক্ষমতার অপব্যবহার নিয়ে চায়ের দোকানে বসে গলা ফাটিয়ে প্রতিবাদ করি।
তাহলে প্রশ্ন জাগে—দুর্নীতিবাজ রাজনীতিক কি একা তৈরি হয়? অসৎ ব্যবসায়ী, দায়িত্বহীন কর্মকর্তা, প্রতারক পেশাজীবী, নীতিহীন শিক্ষক, বিবেকহীন ভোটার ও সুবিধাবাদী নাগরিকদের সমাজে রাজনৈতিক দুর্বৃত্তায়নের শিকড় কি থাকে না?
রাজনীতি সমাজের বাইরে কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। রাজনীতিতে যে অসততা, লোভ, প্রতারণা, ক্ষমতার অপব্যবহার ও নৈতিক অবক্ষয় আমরা দেখি, তার অনেক কিছুই আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের প্রতিচ্ছবি। সমাজে অনৈতিকতা প্রশ্রয় পেলে রাষ্ট্রেও তার প্রতিফলন ঘটে। ব্যক্তির বিবেক যখন বিক্রি হয়, তখন রাষ্ট্রের বিবেকও বিপন্ন হয়ে পড়ে।
আমরা দেশ বদলাতে চাই, কিন্তু নিজেদের বদলাতে চাই না। আমরা সৎ নেতৃত্ব চাই, কিন্তু নিজের কাজে সততা দেখাতে অনীহা। দুর্নীতিমুক্ত প্রশাসন চাই, কিন্তু সুযোগ পেলে নিজের দুর্নীতিকে বৈধতা দিই। ন্যায়বিচার চাই, কিন্তু নিজের স্বার্থে অন্যের অধিকার হরণ করি। জবাবদিহিমূলক রাষ্ট্র চাই, কিন্তু নিজের দায়িত্বের জবাব দিতে প্রস্তুত নই।
রাজনৈতিক নেতাদের সমালোচনা করা নাগরিক অধিকার। কিন্তু সমালোচনার সঙ্গে আত্মসমালোচনার সংযোগ না ঘটলে তা কেবল দলীয় বিদ্বেষ কিংবা অন্যকে ছোট করার হাতিয়ারে পরিণত হয়। কোনো দলের পরিচয় কাউকে চিরস্থায়ী অপরাধী বা নির্দোষ করে না; মানুষের মূল্যায়ন হওয়া উচিত তার কর্ম, নীতি, সততা ও জনস্বার্থে ভূমিকার ভিত্তিতে। একইভাবে, নিজের দলের অন্যায়কে সমর্থন আর প্রতিপক্ষের অন্যায়কে নিন্দা করার দ্বিমুখী নৈতিকতা গণতন্ত্রকে দুর্বল করে।
দেশের পরিবর্তন শুধু সরকার পরিবর্তনের নাম নয়; পরিবর্তন মানে নাগরিকের মানসিকতা, পেশাগত সততা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্ববোধের পরিবর্তন। রাষ্ট্রের প্রতিটি স্তরে ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন এমন মানুষ, যাঁরা ব্যক্তিগত জীবনেও সেই নীতির চর্চা করেন।
অতএব, দেশকে দোষারোপের রাজনীতি থেকে বের করে আনার আগে নিজেদের দায় স্বীকার করা জরুরি। দুর্নীতির বিরুদ্ধে কথা বলার আগে দুর্নীতিকে নিজের জীবনে প্রত্যাখ্যান করতে হবে। অন্যের অনিয়মের প্রতিবাদ করার আগে নিজের অনিয়ম সংশোধন করতে হবে। ভোটের মূল্য বুঝতে হবে, দায়িত্বের মর্যাদা দিতে হবে, মানুষকে ঠকানো বন্ধ করতে হবে।
দেশ বদলানোর প্রথম আন্দোলনটি রাজপথে নয়, নিজের বিবেকের ভেতরে শুরু হোক। কারণ আমরা নিজেরা না বদলালে, শুধু ক্ষমতার পালাবদলে দেশ বদলাবে না; বদলাবে কেবল শাসকের নাম, বদলাবে না শাসন ও সমাজের চরিত্র।
দেশের জন্য প্রশ্নটি তাই শুধু—কে দুর্নীতিবাজ? নয়।
প্রশ্নটি হলো—আমি কি নিজে সৎ? আমি কি আমার দায়িত্ব পালন করি? আমি কি আমার দেশ পরিবর্তনের যোগ্য নাগরিক হয়ে উঠছি?
এই প্রশ্নগুলোর সৎ উত্তরেই লুকিয়ে আছে বাংলাদেশের প্রকৃত পরিবর্তনের সূচনা।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯