পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক : দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প ক্রমেই গভীর সংকটের দিকে এগোচ্ছে। চলমান অস্থিতিশীলতা ও উৎপাদনব্যবস্থায় বিঘ্নের কারণে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে এ শিল্প। মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিদেশি ক্রেতারা ২৫৪ মিলিয়ন ডলারের নিশ্চিত রপ্তানি আদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এতে দেশের রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা অর্জন এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) চার দিনব্যাপী জরুরি জরিপে এ চিত্র উঠে এসেছে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি ও নানা প্রতিবন্ধকতায় জরিপে অংশ নেওয়া কারখানাগুলো সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জরিপ অনুযায়ী, ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার (এফওবি মূল্যমান)। উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশ অনিশ্চয়তার মুখে পড়েছে। ক্রেতাদের আস্থা ধরে রাখতে অনেক কারখানাকে অতিরিক্ত ব্যয়ে আকাশপথে পণ্য পাঠানো, মূল্যছাড় দেওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে অর্ডার বাতিলের পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।
সংকটের আরও উদ্বেগজনক দিক হলো, বিদেশি ক্রেতারা ইতোমধ্যে ৫৯ মিলিয়ন পিস পোশাকের নিশ্চিত অর্ডার বাংলাদেশ থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে গেছেন। এসব অর্ডারের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ উৎপাদন ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানও চ্যালেঞ্জের মুখে পড়ছে।
বিজিএমইএর মতে, জরিপে উঠে আসা পরিসংখ্যান প্রকৃত ক্ষয়ক্ষতির আংশিক চিত্র মাত্র। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও জরিপে তথ্য দিয়েছে মাত্র ৩১৭টি কারখানা। উপরন্তু, জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি অব্যাহত থাকায় প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
বিশেষজ্ঞদের বিবেচনায়, তৈরি পোশাকশিল্পের সংকটকে কেবল উৎপাদন ও আর্থিক ক্ষতির হিসাব দিয়ে বিচার করার সুযোগ নেই। আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা, সময়মতো পণ্য সরবরাহের সক্ষমতা এবং বাংলাদেশের রপ্তানি ভাবমূর্তি—সবকিছুই এ সংকটের সঙ্গে জড়িত। একবার ক্রেতারা বিকল্প বাজারে ঝুঁকে পড়লে সেই অর্ডার ও আস্থা পুনরুদ্ধার করা কঠিন হয়ে উঠতে পারে।
দেশের রপ্তানি আয়ের বড় অংশের জোগানদাতা এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকা। ফলে পোশাকশিল্পে দীর্ঘস্থায়ী অস্থিরতার প্রভাব শুধু কারখানার মালিক বা রপ্তানিকারকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; এর অভিঘাত পড়তে পারে শ্রমবাজার, বৈদেশিক মুদ্রার প্রবাহ এবং জাতীয় অর্থনীতির ওপরও।
এ অবস্থায় শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা, উৎপাদন ও সরবরাহব্যবস্থা সচল রাখা এবং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগ জরুরি। বিজিএমইএও সংকট উত্তরণে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯