পঞ্চখণ্ড আই ডেস্ক :
‘একজন শিক্ষক চাকরি থেকে অবসর নিতে পারেন, কিন্তু মানুষ গড়ার দায়িত্ববোধ থেকে কখনো অবসর নিতে পারেন না’—এমন প্রত্যয় ও আবেগঘন বক্তব্যের মধ্য দিয়ে সিলেটের বিয়ানীবাজারে ২৬ জন অবসরগ্রহণকারী শিক্ষক-কর্মচারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), বিয়ানীবাজার উপজেলা শাখা আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক নুরুল আলম সেলিম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজিজুর রহমান মুক্তা ও আবু তাহের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির খান, সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম সেলিম এবং বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদসহ অন্যান্য অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, কর্মজীবনের প্রতিটি দায়িত্বকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করতে হবে। কোনো কাজকেই বোঝা মনে করা উচিত নয়। কর্মরত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, নিজের কর্মকালকে এমনভাবে কাজে লাগাতে হবে, যাতে দেশ ও সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকা যায়। ব্যক্তিগত উদাসীনতার কারণে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে শিক্ষকদের সতর্ক থাকতে হবে।
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি কমে যাওয়ার কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের অনুপ্রেরণার ঘাটতি—কোন বিষয়টি দায়ী, তা খুঁজে বের করা প্রয়োজন। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার দূরত্ব কোথায়, সেটিও চিহ্নিত করতে হবে।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, অবসরকে জীবনের সমাপ্তি হিসেবে না দেখে অর্জিত অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে পরিবার, সমাজ এবং নতুন প্রজন্মের কল্যাণে কাজ করার নতুন সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। তাঁদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা সমাজের জন্য মূল্যবান সম্পদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান শিক্ষকদের দায়িত্বশীলতা ও নিয়মিত উপস্থিতির ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষকদের অনুপস্থিতি তাঁকে হতাশ করেছে। শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত না থাকলে শিক্ষার্থীরা কীভাবে যথাযথ শিক্ষা লাভ করবে—এ প্রশ্ন সংশ্লিষ্ট সবার ভাবা প্রয়োজন।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির খান তাঁর বক্তব্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অভিজ্ঞতা কাজে লাগানোর প্রস্তাব দেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি কার্যকর মঞ্চ গড়ে তোলা হলে তাঁরা অনগ্রসর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিজেদের অভিজ্ঞতা ও শিক্ষাদর্শন বিনিময়ের সুযোগ পাবেন।
সংবর্ধিত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. আতাউর রহমান, হাজেরা বেগম, মিফতাউল বর চৌধুরী, রবীন্দ্রনাথ নন্দী, সুফিয়ান আহমদ ও জালাল উদ্দীনসহ অন্যরা।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কলামিস্ট মো. আতাউর রহমান তাঁর বক্তব্যের শিরোনাম দেন ‘অবসর মানে বিদায় নয়, আদর্শের নতুন অঙ্গীকার’। ৩৭ বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শিক্ষকতার প্রকৃত সার্থকতা শুধু শিক্ষার্থীদের পরীক্ষার ভালো ফলাফলে নয়; বরং তাদের সততা, মানবিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার মধ্যে নিহিত।
তিনি কর্মরত শিক্ষকদের জ্ঞানচর্চা, পেশাগত সততা, সময়ানুবর্তিতা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও ন্যায্য পাওনা দ্রুত নিষ্পত্তির প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষক সমিতির প্রতি ঐক্য, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকসমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান শিক্ষক সুফিয়ান আহমদ সময়ের সদ্ব্যবহার এবং শিক্ষকতার মর্যাদা তুলে ধরে বলেন, পিতা-মাতার পর একজন শিক্ষকের স্থান। প্রধান শিক্ষক জালাল উদ্দীন বলেন, একজন শিক্ষক আমৃত্যু শিক্ষক। চাকরিজীবন শেষ হলেও তাঁর দায়িত্ববোধ ও আদর্শের মৃত্যু হয় না। তিনি কর্মরত শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বাশিস সভাপতি ও সংবর্ধিত অতিথি আব্দুদ দাইয়ান শিক্ষকসমাজের অতীত আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের জীবনে এটি তাঁর তৃতীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। এমন আয়োজনে তিনি আবেগাপ্লুত। শিক্ষক সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষকসমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনকে সব সময় শিক্ষকদের পাশে থাকতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাশিস সহসভাপতি আব্দুল মালিক, প্রাক্তন সেক্রেটারি খালেদ আহমদ, বর্তমান সেক্রেটারি অসীম কান্তি তালুকদার, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোহাম্মদ, চারখাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মুহাম্মদ হাকিম আহমদ, জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুচ্ছবির আলী, সহকারী শিক্ষক বেলাল আহমদ, জাবেদ হোসেন, শামসুল ইসলাম,এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও অতিথি।
মধ্যাহ্নভোজের বিরতির পর কল্পনা ম্যাডাম ও মুক্তা ম্যাডামের কণ্ঠে সংবর্ধিত শিক্ষকদের উদ্দেশে সংগীত পরিবেশন করা হয়। পরে অবসরগ্রহণকারী ২৬ জন শিক্ষক-কর্মচারীর হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষকসমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, সংবর্ধিত শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজিজুর রহমান মুক্তা ও প্রধান শিক্ষক আবু তাহের।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষকতার মর্যাদা সমুন্নত রাখা, শিক্ষার মানোন্নয়ন, কর্মরত শিক্ষকদের দায়িত্বশীলতা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের অভিজ্ঞতা সমাজ ও শিক্ষাক্ষেত্রে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯