নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায়সহ সারাবিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গার আগমন এবং অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের আরাধনা করা হয়। শারদীয় দুর্গোৎসবের এই তাৎপর্য মানবকল্যাণের অনন্য বার্তা বহন করে।
তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করে আসছেন। এ ঐতিহ্য দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির সৌন্দর্যকে তুলে ধরে। ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও মানবকল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা। তাই নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি চর্চার পাশাপাশি একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সবার দায়িত্ব।
তিনি উল্লেখ করেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের অবসানের পর বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। শুরু হয়েছে দেশ পুনর্গঠনের বৃহৎ কর্মযজ্ঞ। দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই সরকারের অঙ্গীকার।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’
হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের উদ্দেশে তিনি বলেন, আপনারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে ও নিরাপদে সারা দেশে দুর্গাপূজার আনন্দ উদযাপন করুন। এ উপলক্ষ্যে তিনি তাঁদের আবারও আন্তরিক শুভেচ্ছা জানান।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯