নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজার সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী ও নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ৮ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। কলেজের অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষক সংকট নিরসন ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিয়ানীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে কলেজ ছাত্রদল আয়োজিত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘নবীনবরণ ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান আহমদ চৌধুরী বলেন, কলেজের ঊর্ধ্বমুখী ভবন সম্প্রসারণ ও শিক্ষক শূন্যতা পূরণসহ বিভিন্ন উন্নয়ন বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন। ইতোমধ্যে কলেজের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অধ্যক্ষ অধ্যাপক সাব্বির আহমদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষার কোনো বিকল্প নেই। রাজনৈতিক স্বাধীনতা সবারই রয়েছে। তবে শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান—তারা যেন পড়ার টেবিলে থাকে এবং অধ্যয়নে মনোনিবেশ করে।”
কলেজ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দুই-তিনটি বাস প্রয়োজন হলেও শুরুতে অন্তত একটি বাস চালুর উদ্যোগ নেওয়া যায় কি না, সে বিষয়ে তিনি চেষ্টা করবেন।
কুইজ প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে এমপি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক। ছাত্রদল মেধাবী শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম এবং মেধাবী শিক্ষার্থীরা এ সংগঠনের ছায়াতলে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রহিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনামুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান জামিল ও সাইদুর ইসলাম আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক রিদওয়ান আহমদ ও আকতার হোসেন লিমন এবং বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান চৌধুরী ইমন।
এছাড়া বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাবিয়া আলম রুহান, কলেজ ছাত্রদল নেতা সাইদ আহমদ ও সামি আহমদ। উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইয়াসমিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রেদোয়ান, যুগ্ম সম্পাদক মৃদুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সড়ক উন্নয়নকাজ পরিদর্শন
এদিকে বিকেলে এমপি এমরান আহমদ চৌধুরী ৪৭ কোটি টাকা ব্যয়ে চলমান বিয়ানীবাজার–সারপার বাজার–গজুকাটা সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, উপজেলা প্রকৌশলী দিপক কুমার দাশ, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর ও আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়েজ আহমদসহ সংশ্লিষ্টরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯