পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক : মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিতভাবে ডিভাইস ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে গত ১৪ সেপ্টেম্বর জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে নিজ নিজ জেলার সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়, সরকারি দপ্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ই-গভর্ন্যান্সসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভূমি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে যথাসময়ে ও নির্বিঘ্নে সেবা পান, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করা জরুরি বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে। এ লক্ষ্যেই দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে অবিলম্বে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া স্থাপিত ডিভাইসগুলো কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত ব্যবহার করছেন কি না, তা তদারকি ও নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।
পরিপত্রের মূল প্রাপক হিসেবে দেশের সব জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। এর অনুলিপি বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের এ উদ্যোগ বাস্তবায়িত হলে মাঠ পর্যায়ের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি আরও নিয়মতান্ত্রিক হওয়ার পাশাপাশি সেবা প্রদানের ক্ষেত্রে জবাবদিহিতা বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর হাজিরা ব্যবস্থার মাধ্যমে কর্মস্থলে উপস্থিতি তদারকি সহজ হবে এবং ভূমি সেবা নিতে আসা নাগরিকদের ভোগান্তি কমাতে এটি সহায়ক হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯