নিজস্ব সংবাদাতা, গোলাপগঞ্জ: সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের একদিন পর আসিদ আলী (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ বাড়ির পাশের একটি ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগিরঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসিদ আলী বাগিরঘাট গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি তিন ছেলে ও তিন মেয়ের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় স্থানীয় বুধবারীবাজারে যাওয়ার পর থেকে আসিদ আলীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার সন্ধান চেয়ে সহযোগিতা কামনা করা হয়।
নিখোঁজের খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই সজল চন্দ্র দাশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বৃদ্ধের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নিখোঁজের বিষয়ে খোঁজ নেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আশপাশের এলাকায় অনুসন্ধান শুরু করেন।
একপর্যায়ে মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের একটি ক্ষেতের জমিতে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় আসিদ আলীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী, এসআই সজল চন্দ্র দাশসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, আসিদ আলীকে হত্যা করে মরদেহটি ক্ষেতের জমিতে ফেলে ঘাস দিয়ে ঢেকে রাখা হয়ে থাকতে পারে। তবে এটি হত্যাকাণ্ড কি না, তা এখনো নিশ্চিত নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বৃদ্ধের মরদেহ উদ্ধারের ঘটনায় বাগিরঘাট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯