বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ বাস্তবায়ন নিয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঙ্গে পূর্বনির্ধারিত মতবিনিময় সভার কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। এমপি মহোদয়ের টেলিফোন বার্তার পরিপ্রেক্ষিতে আগামীকাল সোমবার, ২৪ আগস্ট ২০২৬, বাদ মাগরিব বিয়ানীবাজার উপজেলা কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এর আগে আজ রোববার, ২৩ আগস্ট দুপুর সাড়ে ১২টায় সিলেটে সংসদ সদস্যের সঙ্গে “বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগ”-এর পাঁচ সদস্যের প্রতিনিধি দলের পূর্বনির্ধারিত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বিয়ানীবাজার উপজেলা সদর এলাকায় মডেল মসজিদ নির্মাণের দাবির যৌক্তিকতা, স্থানীয় জনমত, সম্ভাব্য স্থান এবং নাগরিক উদ্যোগের অবস্থান তুলে ধরা হয়। একই সঙ্গে সরকারি গাইডলাইন ও জনস্বার্থের আলোকে প্রকল্পটি বাস্তবায়নে সংসদ সদস্যের কার্যকর সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগ কামনা করা হয়।
প্রতিনিধি দলে ছিলেন—মো. আতাউর রহমান (আহবায়ক), জমির হোসাইন (সচিব), হুমায়ুন কবীর আকিল (যুগ্ম সচিব), মো. জাকির হোসেন (সদস্য) ও রায়হান আলম সাজু (সদস্য)।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের বক্তব্য ও জনগণের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী আগামী ২৫ আগস্ট বিয়ানীবাজার উপজেলা কনফারেন্স হলে নাগরিক উদ্যোগের কমিটি ও উপজেলা সদরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের কথা জানিয়েছিলেন।
কিন্তু ২৫ আগস্ট সিলেট শহরে দু’জন মাননীয় মন্ত্রীর অনুষ্ঠানে সংসদ সদস্যের উপস্থিত থাকার কর্মসূচি থাকায়, তাঁর টেলিফোন বার্তার মাধ্যমে মতবিনিময় সভাটি একদিন এগিয়ে ২৪ আগস্ট বাদ মাগরিব করার সিদ্ধান্ত জানানো হয়েছে।
সভায় উপস্থিত থাকার আহবান
মতবিনিময় সভায় বিয়ানীবাজার উপজেলা সদর এলাকায় মডেল মসজিদ বাস্তবায়নের যৌক্তিকতা, সরকারি গাইডলাইন, সম্ভাব্য স্থান, জনস্বার্থ এবং পরবর্তী করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের আহবআয়ক মো. আতাউর রহমান কমিটির সকল সদস্য, উপজেলা সদরের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট নাগরিকদের যথাসময়ে উপস্থিত থেকে সভাকে সফল করার জন্য আন্তরিক আহবান জানিয়েছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯