সিলেট মহানগরীর রায়নগর আবাসিক এলাকায় একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার
পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন রায়নগর আবাসিক এলাকায় একটি বাসা থেকে গলা কাটা অবস্থায় স্বামী-স্ত্রী ও তাঁদের কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—রায়নগর রাজবাড়ী এলাকার বাসিন্দা এম এ সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং গৃহকর্মী তাহমিনা (১৫)। নিহত এম এ সাত্তারের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আকাখাজনা গ্রামে। তিনি বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টা পর্যন্ত বাসার দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তিনজনের মরদেহ উদ্ধার করে। বাসার নিচ দিয়ে রক্ত বের হতে দেখা যায় বলেও পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায়, একটি কক্ষ থেকে স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনার মরদেহ এবং অপর একটি কক্ষ থেকে এম এ সাত্তারের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দম্পতির ছেলে-মেয়েরা প্রবাসে থাকেন।
প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার কারণ, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং এটি পূর্বপরিকল্পিত কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইমসিন টিম কাজ করছে। এ ঘটনায় একটি বিশেষ তদন্ত দলও গঠন করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম গণমাধ্যমকে জানান, সকালে বাসার দরজা বন্ধ এবং নিচ দিয়ে রক্ত বের হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। দরজা খুলে ভেতরে তিনজনের মরদেহ পাওয়া যায়। ভাড়াটিয়ার বক্তব্য অনুযায়ী, সকালে চিৎকার-চেঁচামেচির শব্দ শোনা গেছে। সে হিসেবে হত্যাকাণ্ডটি সকালে সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এদিকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি এম এ সাত্তারসহ তিনজনের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি ডা. এম. ফয়েজ আহমদ ও সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খান।
এক যুক্ত বিবৃতিতে তাঁরা বলেন, এই মর্মান্তিক হত্যাকাণ্ডে তাঁরা গভীরভাবে মর্মাহত। তাঁরা মরহুম এম এ সাত্তার ও তাঁর স্ত্রী এবং গৃহকর্মীর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯