
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানা পুলিশের ধারাবাহিক অভিযানে মাদক, চোরাচালান ও চুরি প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। গত কয়েক দিনের পৃথক অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ২শ’ গ্রাম গাঁজা, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, আমদানি নিষিদ্ধ ৬৭ হাজার ৯২০ শলাকা ভারতীয় বিড়ি, একটি চোরাই ইয়ামাহা মোটরসাইকেল এবং চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় একাধিক আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব সাফল্য অর্জন করে।
অভিযানগুলোর মধ্যে, কুড়ারবাজার ইউনিয়নের খশিরবন্দ হাতিটিলা এলাকায় অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ মো. নজমুল হক (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এছাড়া পৌরসভার দিগীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জিবান হোসেন (৪৫) ও জাকির হোসেন (৩৬) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
অন্যদিকে, চারখাই ইউনিয়নের দুবাগ এলাকা থেকে চুরি যাওয়া প্রায় ৩ লাখ টাকা মূল্যের একটি ইয়ামাহা মোটরসাইকেল উদ্ধার করে সায়েম উদ্দিন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
আরেক অভিযানে চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট পরিচালনা করে ৪২ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরউদ্দিন বিড়ি ও ২৫ হাজার ৯২০ শলাকা ভারতীয় AMOR ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ এবং সাদিক আহমেদ (৩২) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাক্রমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন ও চুরি সংক্রান্ত ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে সকল আসামিকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, মাদক, চোরাচালান ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।