
পঞ্চখণ্ড আই ডেস্ক :
ঢাকাগামী পথে কুলাউড়া–মৌলভীবাজার সড়কের মিশন এলাকায় পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়েছেন সংবাদকর্মী ও ক্রীড়া ভাষ্যকার মাসুম আহমদ ও তার পরিবার। এ সময় তারা যে ভাড়া করা Toyota X Fielder (ঢাকা মেট্রো ১৯-৮৭০৮) প্রাইভেটকারে যাত্রা করছিলেন, সেটিসহ নগদ অর্থ, মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী মাসুম আহমদের দেওয়া ভিডিও বার্তা অনুযায়ী, সোমবার রাত প্রায় পৌনে ১২টার দিকে তিনি বিয়ানীবাজার উপজেলার সুপাতলাস্থ নিজ বাড়ি থেকে স্ত্রী ও কন্যাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। কুলাউড়া অতিক্রম করার পর মিশন এলাকায় পুলিশি পোশাক পরিহিত তিন ব্যক্তি গাড়ি তল্লাশির কথা বলে তাদের থামায়।
একপর্যায়ে তারা গাড়িচালক রেজাউলকে পাশের একটি বাগানের দিকে নিয়ে যায়। এরপর আরও ১০–১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘটনাস্থলে এসে মাসুম আহমদ, তার স্ত্রী ও কন্যাকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে তাদের হাত-মুখ বেঁধে ফেলে রেখে দুর্বৃত্তরা ভাড়া করা প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায়।
ডাকাতরা তাদের কাছ থেকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, চিকিৎসাসংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র, ছেলের শিক্ষাসনদ এবং দুটি লাগেজ লুট করে নেয়।
পরে ভুক্তভোগীরা কোনোভাবে নিজেদের বাঁধন খুলে অন্ধকারে কাদা ও পানি অতিক্রম করে সড়কে উঠে স্থানীয়দের সহায়তা নেন।
ছিনতাইকৃত গাড়ির বিবরণ: Toyota X Fielder, রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো ১৯-৮৭০৮। গাড়িটির সন্ধান বা ঘটনার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত এ (রেদওয়ান: ০১৭৫৮-৫৬৫৫৪৯) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।