ধাপে ধাপে ইউপি, পৌরসভা, উপজেলা ও সিটি ভোটের প্রস্তুতিতে ইসি
পঞ্চখণ্ড আই ডেস্ক : দীর্ঘ বিরতির পর দেশের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর মাসে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাধ্যমে স্থগিত থাকা স্থানীয় সরকার নির্বাচনী কার্যক্রম আবারও শুরু হতে যাচ্ছে। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনকে আরও গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও কার্যকর করতে ইতোমধ্যে কমিশনের ভেতরে আইনি ও প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রণীত কিছু নির্বাচনী আইন, আচরণবিধি ও বিধিমালা সংশোধনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী মাসে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংলাপের মাধ্যমে নতুন আইনি কাঠামো চূড়ান্ত করা হতে পারে বলে জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্র আরও জানিয়েছে, বাজেট, প্রশাসনিক সক্ষমতা, মৌসুমি বাস্তবতা এবং আইনগত জটিলতা বিবেচনায় একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। পরিকল্পনা চূড়ান্ত হলেই ধাপে ধাপে নির্বাচনের সময়সূচি ও তফসিল ঘোষণা করা হবে।
এদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে দায়িত্ব পালন করা প্রশাসকদের ভূমিকাও আলোচনায় এসেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে দেশের অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসার পর কয়েকটি সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ প্রশাসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে নির্বাচন কমিশন আপাতত এসব প্রশাসকদের বহাল রেখেই নির্বাচন আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসকদের সম্ভাব্য প্রভাব বিস্তার ঠেকাতে কঠোর আচরণবিধি প্রণয়নের কথাও ভাবছে কমিশন।
অন্যদিকে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের বাইরে নির্দলীয় কাঠামোয় আয়োজনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর আপত্তি না থাকলে দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন আয়োজনের বিষয়ে ইতিবাচক ভাবনা রয়েছে ইসির মধ্যে। একইসঙ্গে নির্বাচন ব্যয়, প্রচারণা পদ্ধতি, প্রার্থিতা সংক্রান্ত বিধান ও নির্বাচন ব্যবস্থাপনায় পরিবর্তন আনার বিষয়েও আলোচনা চলছে।
ইতোমধ্যে সম্ভাব্য নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলও তৃণমূল পর্যায়ে প্রস্তুতি শুরু করেছে। ফলে দীর্ঘদিন পর স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আবারও রাজনৈতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯