পবিত্র ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ হজ্বকে সামনে রেখে হজ্ব-ওমরাহ পালনকারীদের জন্য প্রয়োজনীয় নিয়মাবলী, মাসআলা-মাসায়েল ও হারামাইন শরিফের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা সম্বলিত গ্রন্থ “যিয়ারতে হারামাইন” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের অভিজাত এক রেস্টুরেন্ট-এ আয়োজিত এক হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় বইটির মোড়ক উন্মোন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাব্বানী ওভারসীজ এভিয়েশনের স্বত্বাধিকারী আলহাজ্ব মাশহুদ আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান। মাওলানা মোঃ আব্দুল বাছিত আরিফীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগঞ্জ দারুল কুরআন ফাযিল মাদরাসার অধ্যক্ষ মুফতি শেহাব উদ্দিন আলীপুরী, আঙ্গুরা মোহাম্মদপুর টাইটেল মাদরাসার মুহাদ্দিস মুফতি মুজিবুর রহমান, দারুল হুদা মাদরাসা সিলেটের মুহাদ্দিস হাফিজ মাওলানা সিরাজুল ইসলাম, বিমান বাংলাদেশের ডিএম শরিফুল আলম, ডাক্তার মাসুম আহমদসহ বিশিষ্ট উলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লেখক, শিক্ষক ও সংগঠক মাওলানা মোঃ কামাল হোসেন আল-মাতহুরীর রচিত “যিয়ারতে হারামাইন” বইটি চারখাই পাতন নিবাসী মরহুম হাফিজ ছমির উদ্দিন সাহেবের ঈসালে ছাওয়াব উপলক্ষে জুনেদ আহমদের পক্ষ থেকে আগত নারী-পুরুষ হজ্বযাত্রীদের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে লেখক উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করলে অতিথিবৃন্দ তরুণ লেখক মাওলানা মোঃ কামাল হোসেন আল-মাতহুরীর সময়োপযোগী এ প্রকাশনার ভূয়সী প্রশংসা করেন এবং বইটির ব্যাপক গ্রহণযোগ্যতা ও মকবুলিয়াত কামনা করেন। বক্তারা বলেন, হজ্বযাত্রীদের জন্য এমন একটি তথ্যবহুল ও দিকনির্দেশনামূলক বই অত্যন্ত উপকারী ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ইতোমধ্যে লেখকের রচিত বেশ কয়েকটি গ্রন্থ পাঠকমহলে সমাদৃত হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯