পঞ্চখণ্ড আই ডেস্ক :
চলতি ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষার সম্ভাব্য রুটিন ইতোমধ্যে প্রস্তুতের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এইচএসসি পরীক্ষা টানা প্রায় ৫ সপ্তাহ ধরে চলবে।
সভায় “নীরব বহিষ্কার” বিষয়টি বাতিল করারও সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, বিদ্যমান পাবলিক পরীক্ষা আইন (১৯৮০) অনুযায়ী এমন কোনো বিধান নেই এবং বর্তমান পরিস্থিতিতে এ ধরনের নীতিমালা প্রযোজ্য নয়। তাই দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নীতিমালা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
এবারের এইচএসসি পরীক্ষা সাত বছর পর পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছিল সেপ্টেম্বর ২০২৪ সালে, ফলে তাদের মতামত বিবেচনায় নিয়ে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধাকে অগ্রাধিকার দিয়েই ২ জুলাই পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে।
এছাড়া, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের জন্য সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে, শর্ট সিলেবাসে প্রস্তুতি নেওয়া অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পৃথক অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দ্রুত পূর্ণাঙ্গ রুটিন প্রকাশের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯