পঞ্চখণ্ড আই ডেস্ক :
সাম্প্রতিক সময়ে সিলেট জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ও টিলা কাটা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। পাহাড় ও টিলা কাটার কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে এবং মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে পরিবেশ রক্ষার স্বার্থে সিলেট জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।
গত ৯ সেপ্টেম্বর জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলম স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছে, জেলার বিভিন্ন এলাকায় প্রভাবশালী ও ব্যক্তি পর্যায়ে পাহাড় ও টিলা কাটার ঘটনা ঘটছে। এতে পরিবেশের ভয়াবহ ক্ষতি সাধিত হচ্ছে। ফলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আদেশে আরও বলা হয়, অনুমোদন ছাড়া কোনোভাবেই পাহাড় ও টিলা কাটতে দেওয়া হবে না। কেউ এ আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণসহ আইনানুগ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
প্রশাসনের এ পদক্ষেপকে পরিবেশবাদীরা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, পাহাড় ও টিলা প্রকৃতির এক অমূল্য সম্পদ। অযাচিত কাটার কারণে জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হয়, জীববৈচিত্র্য ধ্বংস হয় এবং ভূমিধস, বন্যার মতো ভয়াবহ বিপর্যয় দেখা দেয়। তাই প্রশাসনের এই কঠোর অবস্থান প্রকৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকৃতি বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন কার্যক্রম অবশ্যই পরিবেশের ভারসাম্য রক্ষা করে হতে হবে। পাহাড়-টিলা ধ্বংস করে নয়, বরং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯